তাইজুলকে দুর্ভাগা বললেন আশরাফুল

মাঠে নেমেই উইকেটের পর উইকেট শিকার করেন তিনি, কিন্তু সে তুলনায় নেই তারকাখ্যাতি। নেই তাকে নিয়ে আলোচনার ঝড়। তাইজুল ইসলাম এভাবেই নিরবে পারফর্ম করে যাচ্ছেন বছরের পর বছর। চলতি মিরপুর টেস্টে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী বনে গেছেন। তবু তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে কি?

গতকাল শনিবার তৃতীয় দিনের খেলা শেষে এই আক্ষেপ শোনা গেল জাতীয় দলের বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মুখে, ‘এটা একটু দুর্ভাগ্যই। ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই বেশি ফেভার করে। সাকিব থাকার সময় সে পারফর্ম করেছে, সাকিব চলে যাওয়ার পর এখন মূল ভূমিকায় আছে। আমাদের মিটিং হয়, প্রত্যেক খেলার শেষে এ রকম অর্জন নিয়ে কথা হয়। অবশ্যই এমন কিছু তো একটা থাকবেই।’

গতকাল সাকিবের রেকর্ড ভাঙা তাইজুল আজ ম্যাচের পঞ্চম দিনে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। রবিবার সকালে ২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে তাইজুল এই মাইলফলক স্পর্শ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাইজুল শেষ ইনিংসে শিকার ধরেছেন ৪টি। বাংলাদেশের জয়ের জন্য আরও দুই উইকেট প্রয়োজন। তাইজুল কি পারবেন পাঁচ উইকেট নিতে?