ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের বাবা চৈতার পীর আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ডিএসইসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
এক শোকবার্তায় সংগঠনের সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২৩ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের আইসিইউতে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার সকাল ৭টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে মাওলানা নূর মোহাম্মদ খানের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বাদ আসর দ্বিতীয় জানাযা হবে বলে জানিয়েছেন জাওহার ইকবাল।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার চৈতা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা দক্ষিণবঙ্গের অন্যতম সাধক পীরে কামেল আলহাজ্ব মাওলানা ইউনুস (রহ.) ছিলেন। আধ্যাত্মিক জগতের উচ্চ মাকামের একজন ওলিয়ে কামেল। তিনি তার জীবনে সবটুকু সময় ইসলাম প্রচার ও প্রসারের কাজে নিবেদিত করেছেন। তিনি ছারছীনা দরবার শরীফের অন্যতম খলিফা ছিলেন। এই বংশেরই অষ্টম পুরুষ হেশামত উদ্দিন খান ইসলামের সূতিকাগার সুদূর ইরান থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন।
মাওলানা নূর মোহাম্মদ খান তার নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। নিজ বাড়ি ছাড়াও নিজ জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থান ও দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করেছেন এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা। তিনি একদিকে একজন প্রখ্যাত আলেমেদ্বীন, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক পাঠ্য তার হাতে লেখা।
চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে কর্মরত অবস্থায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ড অফ গভর্নর ছিলেন তিনি। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক বিষয়ে হেড এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনিকভাবে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমির, মজলিসের সুরের স্পিকার ছিলেন। বেসরকারি শিক্ষকদের তদানীন্তন একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন।