যশোরে মামলা তুলে নিতে এক আইনজীবীকে মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মীর ফিরোজ হাসান।
জিড়িতে উল্লেখ করা হয়, সদর উপজেলার ধানঘাটা গ্রামের শাহজালাল ওরফে সাগরের শ্বশুর নিকমল মোড়ল ও তার বন্ধু আক্তার হোসেনের নামে সদর আমলী আদালতে তিনটি মামলা রয়েছে। ওসব মামলা প্রত্যাহারের জন্য শনিবার বিকেলে আইনজীবী ফিরোজের মোবাইলে কল দেন সাগর। এ সময় তিনটি মামলা প্রত্যাহার করার জন্য তিনি চাপ ও হুমকি দেন। ফোনে সাগর বলেন, মামলা প্রত্যাহার না করলে ডিবি পুলিশের মাধ্যমে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো হবে মীর ফিরোজ হাসান। পাশাপাশি আইনজীবী ফিরোজ ও তার পরিবারকে মারধরসহ যেকোনো ধরনের ক্ষতিরও হুমকি দেন। পরে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন।
তবে অভিযোগ অস্বীকার করে শাহজালাল ওরফে সাগর বলেন, ফিরোজ তাদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য শুধু অনুরোধ জানানো হয়েছে। কোনো হুমকি দেওয়া হয়নি।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, যশোরে মামলা তুলে নিতে মারধর ও মিথ্যা মামলা জাড়ানোর হুমকির অভিযোগে আইনজীবী মীর ফিরোজ হাসান শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।