ফরিদপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাকারিয়া সজিব মোল্যা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। সজীব মধুখালী পৌরসভার মেছরদিয়া এলাকার সাহেদ মোল্যার ছেলে। রবিবার ভোর রাতে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ওই কিশোরীর বাবা।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) ওই কিশোরীকে ফরিদপুর শহরের বেইলী ব্রিজ এলাকা থেকে চেতনানাশক ওষধ খাইয়ে অজ্ঞাত একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও পরিবারেবারে সাথে কথা বলে জানা যায়, গত এক বছর আগে স্থানীয় দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে ওই কিশোরীর সাথে পরিচয় হয় সজিব মোল্যার। এরপর একপর্যায়ে মেয়েটির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। সেই সুবাদে গত বুধবার ফরিদপুর শহরে ঘুরতে আসেন দুজনে একসাথে। দিনের বেলায় কোন এক সময় কিশোরী পানি খেতে চায় ছেলেটির কাছে। এরপর ছেলেটি পানির সাথে চেতনানাশক ওষধ খাইয়ে অচেতন অবস্থায় অজ্ঞাত একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। পরে সেই হোটেলের রুমে কিশোরী মেয়েটিকে ধর্ষণ করে।
এরপর অসুস্থ অবস্থায় সজিব তাকে মধুখালী উপজেলা শহরে নিয়ে একটি অটোরিকশায় পাঠিয়ে দেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে পরিবারের কাছে মেয়েটি সব ঘটনা খুলে বলেন। সন্ধ্যার পর পরই কিশোরীর রক্তক্ষরণ শুরু হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এরপর ওখানেই চিকিৎসা দেওয়া হয় মেয়েটির।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, থানায় অভিযোগ দায়েরের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে সজীবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।