নেত্রকোনার মদনে হাওর থেকে দিদারুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মদন ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দিদারুল ইসলাম (২৫) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, সকালে স্থানীয়রা হাওরে কচুরিপানা পরিষ্কারের সময় যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই দিকে পুলিশ পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ ইউনিট পিবিআইয়ের সদস্যরা কাজ শুরু করে। এসময় অজ্ঞাত মরদেহ উদ্ধার খবর শুনে দুপুরে ফেকনি গ্রামের বাসিন্দা মোবারক হোসেন মরদেহটি চাচাতো ভাই দিদারুল ইসলামের বলে শনাক্ত করে।
নিহতের ভাই মোবারক হোসেন বলেন, দিদারুল মানসিক ভারসাম্যহীন। বেশির ভাগ সময় বাড়িতেই থাকত। কিন্তু শনিবার বিকেলে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে খবর পেয়ে থানায় এসে তার মরদেহ পেয়েছি।