প্রতীক্ষার পালা শেষ হলো। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল চর্চিত ‘স্পিরিট’ সিনেমায় বলিউড অভিনেত্রী দীপিকার জায়গায় স্থান হলো নতুন সেনসেশন তৃপ্তি দিমরির। এর মাধ্যমে প্রথমবার বাহুবলী তারকা প্রভাসের বিপরীতে দেখা যাবে ‘ভাবী’খ্যাত এই অভিনেত্রীকে। গতকাল রবিবার জমকালো শুভ মহরতের মাধ্যমে যাত্রা শুরু হলো চলচ্চিত্রটির। মহরত অনুষ্ঠানে শুধু ছবির কলাকুশলীরাই নন, উপস্থিত ছিলেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীও। মহরতের পরই শুটিং শুরু হয়। ‘স্পিরিট’।
শোনা যাচ্ছে, এখানে প্রভাসকে একজন শক্তিশালী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে, যা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ডার্ক এবং ইনটেন্স ঘরানার গল্পের সঙ্গে দারুণ মানানসই হবে। মহরত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত ছিলেন তৃপ্তি। প্রভাস-তৃপ্তি ছাড়াও সিনেমায় মুখ্য চরিত্রে আরও থাকছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ এবং অভিনেত্রী কাঞ্চনা। ‘অ্যানিমেল’-এর ব্লকবাস্টার সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রযোজনা সংস্থা টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার এই ছবিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছেন। জানা গেছে, ছবিটি একটি বিশাল বাজেটের আন্তর্জাতিক মানের অ্যাকশন-ড্রামা হতে চলেছে। টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্স যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। ‘স্পিরিট’ শুধু তেলেগুতেই নয়, আটটি ভাষায় মুক্তি পাবে। যার মধ্যে তেলেগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, ম্যান্ডারিন, জাপানিজ ও কোরিয়ান ভাষা রয়েছে।
এর মধ্য দিয়ে নির্মাতারা বিশ্বব্যাপী দর্শককে লক্ষ করে এগোচ্ছেন। ভক্তদের মধ্যে এই ছবিটি নিয়ে আগে থেকেই উত্তেজনা তুঙ্গে। এখন শুধু দেখার অপেক্ষা, ‘স্পিরিট’ পর্দায় কতটা সাড়া জাগাতে পারে।