৪০ বছরের রোনালদোর এ কি গোল!

সৌদি প্রো লিগে দুরন্ত ফর্মে থাকা আল-নাসর টানা নবম জয় তুলে নিল আল-খালিজকে ৪-১ গোলে উড়িয়ে। ম্যাচের শেষদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিকই ছিল রাতের সেরা মুহূর্ত। তাঁর পাশাপাশি জোয়া ফেলিক্স ও সাদিও মানেও গোল পেয়েছেন।

রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জর্জ জেসুসের শিষ্যরা। লিগে এখন পর্যন্ত সব ম্যাচ জিতে ৩০ গোল করা আল-নাসর ম্যাচের চতুর্থ মিনিটেই রোনালদোর মাধ্যমে প্রথম সুযোগ পায়। ফেলিক্সের পাস থেকে দূরপাল্লার শটে গোলের সন্ধান পেলেও লক্ষ্যভ্রষ্ট হন এই পর্তুগিজ তারকা।

১৬ মিনিটে ছয় গজ বক্সের ভেতর সাদিও মানের দারুণ পাস পান রোনালদো। তবে আল-খালিজ গোলরক্ষক অ্যান্থনি মরিসের অবিশ্বাস্য সেভে বঞ্চিত হন তিনি।

৩৩তম মিনিটে জোয়া ফেলিক্স বল জালে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে ব্রোজোভিচের হাতে বল লাগায় গোলটি বাতিল হয়। তবে বেশি অপেক্ষা করতে হয়নি। অ্যাঞ্জেলোর নিখুঁত ক্রস থেকে ফেলিক্সের ফিনিশে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আল-নাসর। মাত্র কয়েক মিনিট পর ফেলিক্সের প্রেসিংয়ে বল পেয়ে ওয়েসলি ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ শটে ব্যবধান কমায় আল-খালিজ। মুরাদ আল হাওসাওয়ির গোল ম্যাচে ফেরার আশা জাগালেও তা বেশিক্ষণ টেকেনি। ৬৫তম মিনিটে মানের লবড শটে আবার দুই গোলের লিড পায় স্বাগতিকরা।

তারপরই ম্যাচের মোড় ঘুরে যায় ডিমিট্রিওস কুর্বেলিসের ভয়ংকর ফাউলে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এর কয়েক মিনিট পরই আসে ম্যাচের সেরা মুহূর্ত—নাওয়াজ বুশালির ক্রস থেকে অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন রোনালদো। ৪০ বছর বয়সেও তাঁর এই দক্ষতায় মুগ্ধ আল-আওয়াল পার্ক।

জয়ের ফলে ৯ ম্যাচে ৯ জয় নিয়ে শীর্ষে অদম্য আল-নাসর। ফেলিক্স ও রোনালদো দুজনেই লিগে নিজেদের গোল সংখ্যা ১০-এ উন্নীত করেছেন।