সড়কে প্রাণ গেল চাচা ভাতিজার

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডি ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রিঘাটা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির শিক্ষক মোহাম্মদ   ইউছুপ এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লিখিত স্থান অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি (চট্ট মেট্রো-থ ১৩-৮২২৪) দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।