যুক্তরাষ্ট্র-ইউক্রেনের নতুন শান্তি খসড়া প্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্ধে একটি পরিমার্জিত শান্তি-প্রস্তাবে সম্মত হয়েছে। ট্রাম্প প্রশাসনের আগের খসড়া থেকে সংশোধন করে এ নতুন প্রস্তাব তৈরী করা হয়েছে।  আগের প্রস্তাবকে কিয়েভ ও ইউরোপীয় অংশীদাররা রাশিয়ার প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল বলে সমালোচনা করেছিল।

জেনেভা বৈঠকের পর দুই দেশ আলোচনাকে  ফলপ্রসূ হিসেবে বর্ণনা করলেও, কিয়েভের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা সহ বেশ কয়েকটি অমীমাংসিত বিষয়ে বিস্তারিত জানায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন সংস্করণে নিরাপত্তা নিশ্চয়তা আরও জোরদার করা হয়েছে এবং এটি ইউক্রেনের জাতীয় স্বার্থের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। 
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্পের আটাশ দফা শান্তি পরিকল্পনার বেশ কিছু বিষয় এখনও সমাধান দরকার। বিশেষ করে ন্যাটোকে ঘিরে প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। ইউরোপীয় কর্মকর্তারাও আলোচনায় যোগ দিয়ে একটি সংশোধিত প্রস্তাব তুলে ধরেছেন, যেখানে ইউক্রেনের সামরিক শক্তিতে সীমা আরোপ ও পূর্বনির্ধারিত আঞ্চলিক ছাড়ের ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে।

ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৃহস্পতিবারের মধ্যে পরিকল্পনার প্রস্তাবিত শর্তে প্রতিক্রিয়া দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। যদিও ভূমি ছাড়া, সামরিক সীমাবদ্ধতা মেনে নেওয়ার মত শর্তগুলো ইউক্রেন ব্যাপকভাবে আত্মসমর্পণ হিসেবে দেখছে। তবে ট্রাম্প বলেছেন, পরিকল্পনাটি চূড়ান্ত নয়।  

রুবিও জানান, যুক্তরাষ্ট্র এখনো কয়েকটি জটিল বিষয় সমাধানে সময় চাইছে। একই সঙ্গে, জেলেনস্কির সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা চলছে, যেখানে তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি সবচেয়ে সংবেদনশীল ইস্যু,বিশেষ করে ভূখণ্ড সংক্রান্ত আলোচনায় বসতে পারেন।