পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন করে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভরতপুরের এই বিধায়ক বলেন, মসজিদটির নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম নেতাকে আমন্ত্রণ জানানো হবে। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে স্মরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে তৃণমূল নেতার এমন ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক দানা বেঁধেছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর করসেবকরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়। হিন্দুত্ববাদীদের বিশ্বাস, ভগবান রামের জন্মস্থানে ওই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদ ধ্বংসের ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিলো, যাতে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারান।