স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর গলা ফাঁস 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে স্বামীর সঙ্গে অভিমান করে সুমিতা শীল নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (২৩ নেভেম্বর) রাত ৮টায় উপজেলার কুচিয়ামোড়া গ্রামের জেলে পাড়ায় স্বামীর বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সুমিতা শীল (২০) ওই এলাকারা সজল রাজবংশীর স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুরের তাতিরহাট গ টেকেরহাট গ্রামের দীপঙ্কর শীলার মেয়ে।

পুলিশ ও স্থানীয় জানায়, ঘটনার আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে অভিমান থেকে সুমিতা নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে রাতের ঘটনা জানাজানি হলে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রায় পাঁচ বছর আগে সজল রাজবংশীর সঙ্গে সুমিতা শীলের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

তবে অভিযোগ করে নিহত সুমিতার চাচা সিদাম শীল  বলেন, কয়েকদিন আগে সুমিতার ভাইকে বিদেশ নেওয়ার কথা বলে তারা আমাদের কাছ থেকে ১১ লাখ টাকা নেয়। কিন্তু তাকে বিদেশে পাঠায়নি। এরপর আবারও টাকা দেওয়ার জন্য সুমিতার ওপর চাপ দেয়। অপারগ হওয়ায় তাকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি আত্মহত্যা হিসেবে দেখাতে ঝুলিয়ে রাখা হয়েছে। 

এ বিষয়ে সিরাজদীখান থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মেয়ের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।