মুশফিকুর রহিমের শততম টেস্ট উদযাপনের আড়ালে পড়ে গেছে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা, শেষ টেস্টেই নিয়েছেন ৮টি। গড়েছেন আরও কীর্তি। তবু কি তিনি তার উপযুক্ত মর্যাদাটা পেলেন? অবশ্য ক্যারিয়ারজুড়েই তাইজুল নীরবে পারফর্ম করে যাচ্ছেন।
সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেছেন তাইজুল। একইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে আড়াইশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। স্বয়ং সাকিব আল হাসান পর্যন্ত তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, তাইজুলের নামের পাশে ৪০০ টেস্ট উইকেট দেখতে চান। এবার তাইজুলকে অভিনন্দন জানালেন লিটন দাস। করলেন উচ্ছসিত প্রশংসা।
আজ সোমবার দুপুর ১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তাইজুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিটন লিখেছেন, ‘তাইজুল ভাই, আমি খুব ভাগ্যবান যে স্টাম্পের পেছন থেকে আপনাকে বল করতে দেখার সুযোগ পাচ্ছি। আপনার মুখোমুখি হওয়া কোনো প্রতিপক্ষের জন্যই সহজ নয়। কিন্তু আমার জন্য এবং দলের জন্য আপনি এক বড় আশীর্বাদ। আপনি এমনকি আমার ডিসমিসালের সংখ্যা বাড়াতেও সাহায্য করেন।’
শেষে টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার জন্য তাইজুলকে অভিনন্দন জানান লিটন, ‘দেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হওয়া একটি বিশাল অর্জন। আপনি আমাদের সবাইকে প্রতিদিন অনুপ্রাণিত করেন। আপনার উইকেট শিকার চলতে থাকুক। আর স্টাম্পের পেছন থেকে অমি খুশিমনে তাতে অবদান রেখে যাব। অভিনন্দন, তাইজুল ভাই। আপনি সত্যিই অনুপ্রেরণাদায়ী।’