রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাব-৫ এর অভিযানে ১ কেজি হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সিয়াম (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আজ সকালে হেরোইন জব্দরে বিষয়ে রাজশাহী র্যাব এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বিস্তারিত তুলে ধরেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল রবিবার রাতে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মাদারপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সিয়ামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে হেরোইন দেশে পাচার করছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র্যাব-৫ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
গ্রেপ্তার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। সে পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখে। পরে র্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করে।
র্যাব জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময়ে আত্মগোপনে চলে যেত। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।