৯ম গ্রেডের দাবিতে এটিইওদের অবস্থান কর্মসূচি

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের (এটিইও) ৯ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেইটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসোসিয়েশনের নেতাকর্মীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে সারাদেশের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল ফটকের সামনে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে ৯ম গ্রেডের দাবিতে নানা স্লোগান দেওয়া হচ্ছে এবং নেতারা বক্তব্য রাখছেন। বক্তারা বলেন, ‘৯ম গ্রেড আমাদের ন্যায্য অধিকার। দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও দাবির বাস্তবায়ন হচ্ছে না।’

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, এভাবে অপেক্ষায় রাখতে থাকলে ডিসেম্বর মাসে বই বিতরণসহ একাডেমিক ও প্রশাসনিক সব কাজ ব্যাহত থাকবে। ৯ম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না বলেও ঘোষণা দেন।

বাংলাদেশের সকল উপজেলায় ২ হাজার ৬০৭টি অনুমোদিত এটিইও পদের বিপরীতে বর্তমানে প্রায় ১ হাজার ৮০০ জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্মরত আছেন। মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে এটিইওরা নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, প্রধান শিক্ষককে প্রশাসনিক পরামর্শ এবং সকল শিক্ষককে একাডেমিক পরামর্শ প্রদান করে থাকেন। পাশাপাশি প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় অনুবেদন (এএসসি/এসিআর) প্রদান এবং সহকারী শিক্ষকদের এসিআরে প্রতি স্বাক্ষরের দায়িত্বও পালন করেন।

নেতারা বলেন, প্রধান শিক্ষক পদ এখন ১০ম গ্রেডে উন্নীত হওয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড সমান হয়ে গেছে। এতে মাঠ প্রশাসনে প্রশাসনিক ও নেতৃত্ব গত জটিলতা তৈরি হচ্ছে।

তাদের অভিযোগ, গত দুই দশক ধরে এটিইওরা তাদের পদ ৯ম গ্রেডে উন্নতকরণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত শুধুই আশ্বাস পেয়েছেন, বাস্তব কোনও উদ্যোগ দেখা যায়নি। অপরদিকে প্রাথমিক শিক্ষা বিভাগের অন্যান্য পদ যেমন পিটিআই ইন্সট্রাক্টর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিন্টেনডেন্ট, ইউআরসি ইন্সট্রাক্টর, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেড বিভিন্ন সময়ে উন্নীত হলেও পিএসসি কর্তৃক রাজস্বখাতে নিয়োগপ্রাপ্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড উন্নয়ন হয়নি। অথচ এটিইও পদটি ১৯৯৪ সাল থেকে দ্বিতীয় শ্রেণিভুক্ত পদ হিসেবে রয়েছে।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবি আদায়ে চেষ্টা করে আসছি। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনও বাস্তব পদক্ষেপ দেখিনি। তাই বাধ্য হয়ে অধিদপ্তরে অবস্থান কর্মসূচিতে নেমেছি। এটা সারাদেশের সকল সহকারী শিক্ষা অফিসারদের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা আমাদের দাবিটি পূরণ করুন। অন্যথায় সামনের পরীক্ষা ও বই বিতরণ কর্মসূচি বন্ধসহ কর্মবিরতি পালন করা হবে। তাই আমাদের কাজের পরিবেশ তৈরি করে দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।