চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই লিগে প্রথম জয় পেলো মোহামেডান

প্রথম দুই রাউন্ডে একটি হার একটি ড্র ছিল দুদলেরই। মাঝে কয়েকদিনের বিরতির পর বাংলাদেশ ফুটবল লিগ আবার শুরু হলো কুমিল্লায় আবাহনী-মোহামেডান মুখোমুখি হয়েছিল দুপুরে। চিরপ্রতিদ্বন্দ্বীকে সে ম্যাচে ৩-২ গোলে হারিয়ে এবারের লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং। 

ক্লাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, খেলোয়াড়দের পেমেন্ট বকেয়া ইত্যাদিতে জর্জরিত মোহামেডান ঠিকভাবে প্রস্তুতি ছাড়াই খেলতে নেমেছিল এ ম্যাচে। তবে সেসবকে পেছনে দারুণ গুরুত্বপূর্ণ এক জয় তুলে নেয়। 

খেলার ২০ মিনিটে প্রথম গোল করেন রহিম উদ্দিন। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ঘানার সেন্টার ব্যাক এমানুয়েল কেকে। 

৫৮ মিনিটে স্যামুয়েল বোয়েট্যাং শান্ত হাসানের অ্যাসিস্টে করেন তৃতীয় গোল। 

এরপর ৬ মিনিটের মধ্যে পাপন সিং ও শেখ মোরসালিন গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিলেন। কিন্তু মোহামেডান ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে। 

দিনের অন্য ম্যাচে ডরিয়েল্টনের জোড়ায় আরামবাগকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ৭। ইয়ংমেন্স  ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দুটি গোলই করেন দুই নেপালি। 

এছাড়া পুলিশ ও ফর্টিসের খেলা গোলশূণ্য থাকে।