ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহীন শিকদার (২৮)। তিনি একই ইউনিয়নের গজগাঁ গ্রামের মোস্তফা শিকদারের পুত্র।
রবিবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, গজগাঁ গ্রামের সুমন, পারভেজ ও ইনামুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরকান্দা উপজেলার দেবীনগর গ্রামের রাস্তায় গভীর রাতে এলোমেলোভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হয়।
এরপর পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় গ্রামবাসী। এদের মধ্যে একজন পালিয়ে গেলেও অপর চারজন মারাত্মকভাবে আহত হয়।
আহতদের মধ্যে শাহীন শিকদারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, "স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"