কুমিল্লা

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুমিল্লার চান্দিনায় ঘর থেকে ঢেকে নিয়ে মুছা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় জানানো হয়নি।  সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদসার গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (২৩ নভেম্বর) রাতে হত্যার ঘটনা ঘটে।

নিহত মুছা (২৬) উপজেলার কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদসার গ্রামের মোবাইল ব্যবসায়ী ময়নাল হোসেন প্রায় ১০ দিন আগে কাদুটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার পর থেকেই মুছাকে সন্দেহ করতে থাকেন তিনি। ঘটনার পর মুছাও ১০ দিন বাড়িতে ছিলেন না। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। রবিবার রাত সাড়ে ১২টার দিকে মুছা বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন খবর দেয় ময়নালকে। কিছুক্ষণ পর ময়নাল, তোফাজ্জলসহ কয়েকজন মিলে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। পরে তাকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এবিষয়ে ময়নাল হোসেনের চাচাতো ভাই ও ইউনিয়ন পরিষদের  (ইউপি) সদস্য সামির হোসেন বলেন, ১০-১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটকে বৈদ্যুতিক শক দিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। মুছাকে হত্যার সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি, মুছার নিজের পরিবারের লোকজনই খবর দিয়ে ধরিয়ে দেয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।