কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়ার প্রতিবাদ এবং তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে সোমবার রাত ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
আয়োজিত কর্মসূচিতে স্বৈরাচার শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর, পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টুকে পাবনা-৪ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান উপস্থিত হাজারো নেতাকর্মী।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ত আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের সময় ফাঁসির আসামিসহ অসংখ্য হয়রানিমূলক মামলায় জাকারিয়া পিন্টুকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে। আমরা পাবনা-৪ আসনের জন্য এমন একজন ত্যাগী নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চাই।
অনুষ্ঠিত মশাল মিছিলে ‘হাবিবের মনোনয়ন মানি না মানবো না’, ‘ছাত্রলীগের মনোনয়ন মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।