প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকার প্রধানের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর)-এর বিদায়ী প্রধান হুমা খান সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ন্যায়বিচার, জবাবদিহি ও ভুক্তভোগীদের পুনরুদ্ধারের বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়েও তারা কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য সংকটময় সময়ে হুমা খানের ভূমিকার প্রশংসা করেন এবং গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো নিয়ে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের স্বাধীন তদন্ত কার্যক্রমকে বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়া জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং দেশব্যাপী সংঘটিত জোরপূর্বক গুম ও গোপন আটক কেন্দ্র–সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে নিযুক্ত কমিশনের কাজ সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়।

সাক্ষাৎকালে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।