সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তার করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কে. এম. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়। আদালতে অধ্যাপক কার্জনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেওয়া হবে না, এ মর্মে রুল দিয়েছেন আদালত।’
গত ২৮ আগস্ট সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে অংশ নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) যান। একপর্যায়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে ডিআরইউ মিলনায়তনে ঢুকে ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের অবরুদ্ধ করে রাখা হয়। লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে হেনস্তার ভিডিও প্রকাশ হয়। পরে লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।