ঢাকা কি টিকবে ৬.৯ মাত্রার ভূমিকম্পে?

রাজধানীতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রায় সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির সাম্প্রতিক এক গবেষণায় এ ভয়াবহ পূর্বাভাস দেওয়া হয়েছে, যাতে ২ লাখের বেশি মানুষের প্রাণহানি ও ২৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির শঙ্কা প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেন, রাজধানীর ভবনগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবন নির্মাণে পর্যাপ্ত তদারকি নেই এবং রাজউকের সক্ষমতাও সীমিত। তাই ভবনের ঝুঁকি মূল্যায়নের জন্য বেসরকারি থার্ড পার্টি সংস্থাকে যুক্ত করার ওপর জোর দেন তিনি। তার মতে, এ ব্যবস্থায় ভবনভিত্তিক জরিপ করে সহজেই নিরাপত্তা সার্টিফিকেট দেওয়া সম্ভব।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই রাজউক ছাড়াও ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসা ও গ্যাস সংস্থাসহ সব সংস্থাকে সমন্বিতভাবে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় দুর্যোগ মোকাবিলায় সক্ষম স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গত শুক্রবারের ভূমিকম্পে ঢাকার ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৬-এর কম মাত্রার সেই ভূকম্পনে রাজধানীর অনেক ভবন দীর্ঘক্ষণ দুলতে থাকে। সারাদেশে এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে।