কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ দিন মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন এ বক্তব্য শুরু করে।
জানা গেছে, সূচনা বক্তব্যে মামলার পটভূমি, অভিযোগ এবং প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।
হানিফ ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।