জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

ভাইরাল বক্তব্যে ক্ষুব্ধ উপজেলা বিএনপি, এনসিপি নেতা ও নাগরিক সমাজ

নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। তারা আমাদের কথায় উঠবে, বসবে , গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। গত ২২ নভেম্বর জামায়াত ইসলামী আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সন্মেলন’ এ কথাগুলো বলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।

তার এমন বক্তব্যে সোমবার (২৪ নভেম্বর) তীব্র নিন্দা জানিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদীয় এলাকায় বিভিন্ন দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। 

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী বলেন , জামায়াত ৭১ সালের পরাজিত শক্তি। এটা আগামী নির্বাচন বানচাল করার লক্ষ্যে এ ধরনের বক্তব্য দিচ্ছে। এটা যদি শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত মতামত হয়, তাহলে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সামনে এ বক্তব্যকালে উপস্থিত সবাই স্বাগত জানিয়েছেন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

সাতকানিয়া-লোহাগাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ জানান , শাহজাহান চৌধুরীর এ বক্তব্যের পর তার আর নির্বাচন করার কোনো যোগ্যতা নেই। এটাও একটা বড় দুর্নীতি। এ বিষয়ে জনস্বার্থে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। এটা নতুন রূপে ফ্যাসিবাদের আবির্ভাব।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল বাংলাদেশ (টিআইবি) আওতাধীন সচেতন নাগরিক কমিটির (সনাক)  চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, এ ধরনের বক্তব্য গণতন্ত্রবিরোধী। আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছি। কিন্তু তার এ বক্তব্য সাধারণ ভোটারসহ সকলকে প্রশ্নের মুখে রেখেছে। উনি যদি ভুল স্বীকার করেন তাহলে তো ভালো। পাশাপাশি নির্বাচন কমিশনও এ ব্যাপারে এখনও কোন সুস্পষ্ট বিবৃতি দেননি। গণতন্ত্র পুনরুদ্ধারে এগুলো কখনও কাম্য নয়।

লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আসাদ উল্লাহ জানান , আমাদের কেন্দ্রীয় জামায়াত যেটা বিবৃতি দিয়েছেন সেটাই আমাদের সকলের মতামত। অন্য দলে কে কি বলছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।

তবে ভাইরাল বক্তব্যে বিষয়ে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করছে। আমি যেটা বলতে চেয়েছি সেটার অপব্যাখ্যা করা হয়েছে। আমি বলতে চেয়েছি পুলিশ ও প্রশাসন দেশের স্বার্থে কাজ করবে। আমাদের বলতে বুঝিয়েছি এ দেশের জনগণকে।