নওগাঁ

বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের ‘মৃত্যু’, অসুস্থ ১৮

নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে মোজাফফর হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আরও ১৮ জন  অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত ২৩ নভেম্বর রাতে উপজেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে প্রায় ৩০০ মানুষের খাবারের আয়োজন ছিল।

মৃত মোজাফফর হোসেন (৩৮) উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার বাসিন্দা।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ বলেন, রবিবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় আমিরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের খাবার খাওয়ার পর আমন্ত্রিত অতিথিদের বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এক পর্যায়ে অসুস্থদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অসুস্থ মোজাফফর হোসেনকে রাজশাহীর একটি হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সর্ম্পকে তিনি আমার চাচাতো ভাই। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের লোকজন খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষের লোকজনকে খাবার খাওয়ানো হয়। পরে যারা খাওয়ার খেয়েছেন তারা সবাই কমবেশি অসুস্থ হন।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইও) খালিদ সাইফুল্লাহ ও চিকিৎসক মেজবাউল হোসেন জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হওয়ার ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।