মন্দিরে প্রবেশে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত করা হয়েছে ভারতীয় সেনা কর্মকর্তা স্যামুয়েল কামালেসানকে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতীয় সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে এ রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়। তার আচরণ সেনাবাহিনীর শৃঙ্খলা ও ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী কারণ দেখিয়ে তাকে বরখাস্ত করে ভারতীয় সেনাবাহিনী।
২০১৭ সালে কমিশনপ্রাপ্ত এই খ্রিস্টান কর্মকর্তা শিখ স্কোয়াড্রনে কর্মরত ছিলেন। ২০২১ সালে একটি রেজিমেন্টাল অনুষ্ঠানে ধর্মীয় বিশ্বাসের কথা বলে মন্দিরে প্রবেশ না করায় তাকে পেনশন-গ্র্যাচুইটি ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়। আদালতে তিনি দাবি করেছিলেন, তাকে তার ধর্মবিশ্বাসের বিরুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছিল এবং তিনি শুধু পূজা-অর্চনা করতে আপত্তি তুলেছিলেন।
তবে প্রধান বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তার আবেদন খারিজ করে দিল্লি হাই কোর্টের রায়ই বহাল রাখে। বিচারকরা বলেন, সেনাবাহিনীর শৃঙ্খলা কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না এবং সেনাবাহিনীর ধর্মনিরপেক্ষ মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামালেসানের আচরণ সৈনিকদের অনুভূতিতে আঘাত করেছে বলে মন্তব্য করেন তারা।
আদালত আরও জানায়, গির্জা কর্মকর্তা তাকে পরামর্শ দিয়েছিলেন যে মন্দিরে প্রবেশ করলে ধর্মীয় লঙ্ঘন হবে না, তবুও তিনি ঢুকতে অস্বীকৃতি জানান।
কামালেসানের শাস্তি কমানোর আবেদনে সাড়া না দিয়ে আদালত মন্তব্য করে,'ভারতীয় সেনাবাহিনী তার ধর্মনিরপেক্ষ চেতনার জন্য পরিচিত। তিনি নিজ সৈনিকদের অনুভূতির মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন'