ভক্তদের নতুন খবর দিলেন মনির খান

দেশের সব ধরনের সংগীতপিপাসুদের কাছে সমান সমাদৃত কণ্ঠশিল্পী মনির খান আজ (২৫ নভেম্বর) পা দিলেন ক্যারিয়ারের ৩০ বছরে। আর এই তিন দশকে পদার্পণের প্রথম দিনেই ভক্তদের নতুন খবর দিলেন এই গায়ক। জানালেন আবারও অঞ্জনা নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। আগামী বছরের প্রথম দিনই গানটি প্রকাশ হবে বলে পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করলেন এই তারকা। তার সংগীতজীবনে অঞ্জনা একটি বিশেষ নাম। 

বলা চলে তার সাফল্যের মুকুটে দারুণ এক পালক এই অঞ্জনা। মনির খানের প্রথম অ্যালবাম ‌‘তোমার কোনো দোষ নেই’ এ ‘অঞ্জনা’ সিরিজের প্রথম গানটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে। প্রকাশের পরই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে কাল্পনিক এই নারী চরিত্র নিয়ে বহু গান তিনি গেয়েছেন তিন দশক ধরে। তার সবগুলোই লুফে নিয়েছেন শ্রোতারা।