বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে আইনি নোটিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন (দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী) ব্যাক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নাঈম সরদার ও শাহ্ সারোয়ার সালফ শাওনের পক্ষে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, সমাজকল্যাণ সচিবের উদ্দেশ্যে ইমেইলে জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন। এতে বিবাদীদের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন ও সকল প্রকার স্থানীয় সরকার নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সংখ্যক সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা, দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল ভোটিং পদ্ধতি প্রচলনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নোটিশে পাঁচদিনের সময় দিয়ে বলা হয়েছে, ব্যত্যয় হলে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

নোটিশে আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ৩০ লাখ বিশেষ চাহিতাসম্পন্ন ভোটার আছেন। দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, তাদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু সরকারের নিষ্ক্রিয়তার কারণে প্রতিবন্ধী ভোটারদের নির্বাচনে কার্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।

আইনজীবী আরও বলেন, কার্যকর পদক্ষেপ না থাকায় দেশের ৯০ শতাংশ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে গণতন্ত্র চর্চায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং বিপুল সংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।

ব্যারিস্টার পল্লব দেশ রূপান্তরকে বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের অনেকে ভোটে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু নানা কারণে তারা অংশ নিতে পারেন না। এর মধ্যে একটি হচ্ছে জামানতের টাকার পরিমাণ অনেক বেশি। বিশেষ চাহিদা সম্পন্নদের বেলায় এটি যেন মওকুফ করা হয় নোটিশে সেটিও চেয়েছি।’