পুলিশের পোশাক ব্যবহার করে ছিনতাই 

পঞ্চগড়ের বোদায় পুলিশের পোশাক পরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে চন্দনবাড়ী ইউনিয়নের জোরপাখুড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। 

বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ফিরোজ হাসান (২৭) জানান, ভোর বেলা আনুমানিক চার ঘটিকার সময় ঢাকা থেকে শ্যামলী গাড়ী থেকে নামা দুই জন পুরুষ যাত্রী নিয়ে সাকোয়া গুচ্ছ গ্রামে নামিয়ে ফেরার পথে সাড়ে ৫ টার দিকে চন্দনবাড়ী ইউনিয়নের জোড়পাখুরী এলাকায় ব্রিজের উপর একটি প্রাইভেট কার থেকে পুলিশের পোশাক পরিহিত কয়েকজন অস্ত্র শস্ত্র সহ আমার ইজি বাইকের গতি রোধ করে মাদকের কথা বলে তল্লাশি চালায়। দুই জন ইজি বাইক নিয়ে যায় এবং অপর কয়েকজন আমাকে প্রাইভেট গাড়ির ভেতরে জোর পূর্বক ঢুকিয়ে বেদম প্রহার করে রক্তাক্ত করে ফেলে। আমার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং ঠাকুরগাঁও কচুবাড়ী বোট অফিস সংলগ্ন ভাটা এলাকায় মুখে টেপ পেঁচিয়ে হাত-পা বাধা অবস্থায় ফেলে চলে যায়।

এ দিকে স্থানীয় ইজিবাইক ও সিএনজি চালকদের মধ্যে এই ঘটনায় আতংক বিরাজ করছে জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় এনে ইজিবাইক উদ্ধারের জোর দাবী করেছেন ইজি বাইক চালক সমিতির নেতৃবৃন্দ। 

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন বলেন, একটি অভিযোগ পেয়েছি। যথাযথ প্রক্রিয়ায় আইনি উদ্যোগ গ্রহণ করা হবে। তবে গভীর রাতে ও ভোরবেলা ইজি বাইক কিংবা সিএনজি চালকদের দূরে যাত্রী পরিবহনে সতর্কতা অবলম্বন করতে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে।