বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ

শরীয়তপুর- ১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামের প্রাথমিক মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক তিনবারের এমপি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র সরদার একেএম নাসির উদ্দিন কালুকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ, সংক্ষিপ্ত সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদরের গয়াতলা বাজারের শরীয়তপুর-চন্দ্রপুর সড়কে ঘণ্টা ব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শরীয়তপুর শহরসহ বিনোদপুর, আংগারিয়া, ডোমসার, চিতলিয়া, মাহমুদপুর ও চন্দ্রপুর ইউনিয়নে গিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় শরীয়তপুর সদরের বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাহিন মাদবর, সিনিয়র সহ-সভাপতি হারুন সরদার, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান সিকদার, জেলা বিএনপির সদস্য মতিউর রহমান মুন্নাসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষোভ প্রকাশ করে নেতরা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে সরদার একেএম নাসির উদ্দিন কালুকে মনোনয়ন দিতে হবে। তিনি ছাড়া অন্য কারও পক্ষে নেতা–কর্মীরা মাঠে কাজ করবেন না। ভাড়াটিয়া চাই না, আমরা সরদার একেএম নাসির উদ্দিনকেই চাই। তিনি চূড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।