সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে জামায়াত নেতার গ্রেপ্তার চেয়েছে বিএনপির প্রার্থী

চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে নানুপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এক বিশাল গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

লায়লা কবির ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুর হওয়া মিছিলটি নানুপুরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সরওয়ার আলমগীর আরও বলেন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী প্রশাসন তাদের কথায় উঠবে, বসবে বলে দৃষ্টতা দেখিয়েছেন, সেটি সন্ত্রাসী কার্যকলাপ। ফটিকছড়িতে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারকে রোখার সাধ্য কারও নেই। আগামী ফেব্রয়ারির নির্বাচনেই এই গণজোয়ার ব্যালটের শক্তিতে রূপ নেবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা এই আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব। তাকে প্রধানমন্ত্রী মানালে ফটিকছড়ির কাংখিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

এ সময় তিনি নেতাকর্মী ও ভোটারদের ফেব্রয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

গণমিছিলে বিএনপি, যুবদল, স্বেছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।