ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মো. নাবু মিয়া (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক মো. নাবু মিয়া ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের কলিয়ার দোকান এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসছে শোকের ছায়া। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।