বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে শুধু সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবই মূল বাধা।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে আয়োজিত এক নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছর আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। কোনো বাড়িতে এক রাত, কোনো বাড়িতে দুই রাত–এভাবে সময় কাটিয়েছি।
পুরো দেশই দীর্ঘ সময় মজলুমের মতো ছিল। মিরপুরে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও দেওয়া হয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের ওপর নানা নির্যাতন চালানো হলেও আমরা দেশের প্রতি দায়বদ্ধ থেকে দেশ ছেড়ে পালাইনি।”
জামায়াত আমির নারী নির্যাতন ও সামাজিক নিরাপত্তার বিষয়েও মনোযোগ দিয়েছেন। তিনি বলেন, “বর্তমান সমাজে নারীরা পর্যাপ্ত সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না।
জামায়াত ক্ষমতায় এলে নারীরা যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী সহজে কাজ করতে পারবে এবং তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াত কাউকে জোর করে বোরকা পরাবে না।”
ডা. শফিকুর রহমান নির্বাচনের প্রক্রিয়া ও সামাজিক সচেতনতার ওপরও জোর দেন। তিনি বলেন, “পুরনো স্টাইলে নির্বাচন হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
কোনো দলের অন্ধভক্ত হবেন না। নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, আমরা তাদের স্বাগত জানাব।
জনগণ যদি জামায়াতকে ক্ষমতায় আনে, তবে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে।”