সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক দাওয়াতে তৈরি করা পিঠা খেয়ে একে একে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিক তদন্তের পর বলেছে, পিঠা তৈরির সময় কালিজিরা মনে করে ভুলবশত দানাদার বিষ মেশানোর কারণে এমনটি ঘটেছে।
পরিবারের বরাতে স্থানীয় রমজাননগর চেয়ারম্যান আল মামুন বলেন, ‘নতুন ঘর তৈরির আনন্দে পরিবারের মেয়ে, জামাই, নাতি-পুতি ও পোতা-পুতিদের দাওয়াত করা হয়। বিকেলে পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালিজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তোরোর্ধ্ব জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই উপস্থিত সবাই বমি, মাথা ঘোরা, পেটব্যথাসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, ‘আমরা রোগীদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করি। উপসর্গ দেখে বোঝা গেছে খাবারের সঙ্গে কীটনাশক জাতীয় কিছু মিশে গেছে। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের বরাতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, অসুস্থদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। বেশিরভাগের অবস্থা এখন স্থিতিশীল পর্যায়ে থাকলেও তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এসআই মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে এটি ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা।