পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী গ্রীষ্মেই তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এবার জানা গেল, তাদের বিয়ের ভেন্যু। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, রোনালদো ইতোমধ্যে বিয়ের ভেন্যু চূড়ান্ত করেছেন। মাদেইরার ৫১১ বছরের পুরনো ঐতিহাসিক এক গির্জায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
১৫১৪ সালে নির্মিত এই গির্জাটির নাম ফানচাল ক্যাথেড্রাল। এই গির্জা মাদেইরা দ্বীপের সবচেয়ে প্রাচীন উপাসনালয়গুলোর একটি। এটি রোনালদোর জন্মস্থল হাসপাতাল থেকে মাত্র দুই কিলোমিটারেরও কম দূরত্বে। এখান থেকেই কাছেই রয়েছে তার শৈশবের ক্লাব নাসিওনাল দা মাদেইরা। ১২ বছর বয়সে এখান থেকেই তিনি স্পোর্টিং লিসবনে যোগ দেন এবং পরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান।
আগামী বছরের ২০২৬ ফিফা বিশ্বকাপের পর শুরু হবে রোনালদোর জীবনের নতুন অধ্যায়। এ বছরের আগস্টে রোনালদো ও জর্জিনা তাদের নয় বছরের সম্পর্ক আনুষ্ঠানিক করে বাগদান সম্পন্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ঘোষণার পর থেকেই বিয়েকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। রোনালদো-জর্জিনার বহু প্রতীক্ষিত এই বিয়ে আগামী বছরের অন্যতম আলোচিত সেলিব্রিটি ইভেন্ট হতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে স্পেনের রাজধানী মাদ্রিদে এক সুপারশপের কর্মী জর্জিনার সঙ্গে প্রথম পরিচয় হয় রোনালদোর। দীর্ঘদিন প্রেমের পর তাদের ঘর আলো করে জন্ম নেয় দুই সন্তান। রোনালদোর আরও তিন সন্তান রয়েছে, যাদের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। এক সাক্ষাৎকারে পিয়ার্স মরগানকে রোনালদো বলেছিলেন, সঠিক সময় আর প্রস্তুতির অপেক্ষাতেই এতদিন পর তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।