বিশ্বের সবচেয়ে গতিময় ডেলিভারিটি বের হয়েছিল তার হাত থেকেই। সেই শোয়েব আখতারকে এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে। বিপিএল নিয়ে নানা অনিশ্চয়তার মাঝেই গত বৃহস্পতিবার শোয়েবকে মেন্টর হিসেবে ঘোষণা করে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশে আসার তরও সইছে না শোয়েবের।
এক ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘সম্ভবত ১০-১৫ বছর ধরে বাংলাদেশে যাওয়া হয়নি। অনেকদিন হয়ে গেছে। বাংলাদেশ এবং বাংলাদেশিরা আমার খুব পছন্দের। তারা ক্রিকেটপাগল, বেশ স্মার্ট, অনেক ভালো ক্রিকেটারের জন্ম দিয়েছে। আমি বাংলাদেশকে ভালোবাসি। আর অপেক্ষা করতে পারছি না- আমি আসছি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে। সঙ্গে থাকুন। সবাইকে ভালোবাসা।’
উল্লেখ্য, বিপিএল নিয়ে চলছে নানারকম নাটক। আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএলের ১২তম আসর শুরুর কথা। প্রথমে এই আসরের নিলাম ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় আবারও পরিবর্তন করে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ গতকাল বুধবার তৃতীয়বারের মতো তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হয়। সেটাও হবে কিনা- তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।