নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে না যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, নির্বাচনের সময়কে বিবেচনায় রেখে ব্যাংকিং কার্যক্রম স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখতেই এই সীমিত ভ্রমণনীতি কার্যকর করা হলো।
নির্দেশনায় ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অতি জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ পরিহারের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতে কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।