অধস্তন আদালতের বিভিন্ন পদমর্যাদার ৮২৬ বিচারককে পদোন্নতি ও পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ২৫০ জনকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পদমর্যাদার ৫৮ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে বদলির আদেশ হয়েছে।
আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বিচারকদের পদোন্নতি ও পদায়ন এবং বদলির বিষয়ে আদেশ জারি হয়। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এসব পদোন্নতি ও পদায়ন এবং বদলির সিদ্ধান্ত হয়েছে প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ হিসেবে, ২৯৪ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে এবং ২৮২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৪ জনকে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৮ জনকে এবং যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনকে বর্তমান কর্মস্থল হতে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।