এই প্রথম ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন।
একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার দুপুরে এ রায় প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকার খন্দকার মনোয়ার হোসেনের বাড়ির বাইরে রাস্তার ওপর খেলছিল একটি শিশু।
এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার ওই ছোট শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির বড় বোন (১০) তাকে আনতে গেলে ছোটটি দৌড়ে বাইরে বের হয়ে আসে। এর এক পর্যায়ে আসামি মুরাদ বড় মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি বিষয়টি তার মায়ের কাছে জানায়।
ঘটনার পরের দিন শিশুটির বাবা মনোয়ার হোসেন ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে মুরাদ খন্দকারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, “আদালতে আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”