টাকা নিয়ে প্রোগ্রামে না আসায় ব্যান্ডদল আর্টসেলের ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহের এবং কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি কস্তার বিরুদ্ধে মামলা করলেন রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদ আদালতে মামলাটির আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নেতা। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকালে মামলাটি আমলে নিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদীর অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “৩৬ জুলাই মুক্তির উৎসব” আয়োজন করা হয়। এই আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে, অনুষ্ঠান শুরুর ৫ ঘন্টা আগে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।
এতে আরও বলা হয়, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত ২৫ আগস্ট এ বিষয়ে অভিযুক্তদের আইনি নোটিশ পাঠালেও তারা কোনও জবাব দেয়নি। এরপর বাদী মামলার সিদ্ধান্ত নিয়েছেন।