ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ট্রাফিক বক্সের ভেতরে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারী একদল যুবকের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর ১৩১ নম্বর কালীবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তার মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
নিহতের বাবা সাইদুল হক বলেন, পুলিশ বক্সের সামনে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়ে ছিল, কেউ তাকে বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমি গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। ঘটনার সিসি ফুটেজ দেখে তিনি খুনিদের বিচারের দাবি জানিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন জানান, ছেলেটিকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ব্রিজ এলাকায় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।