লেবাননের উদ্দেশে নৌবাহিনী কন্টিনজেন্টের চট্টগ্রাম ত্যাগ

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল গতকাল বুধবার বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৬) এর অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ বানৌজা সংগ্রাম-এ যোগদান করবেন।

বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্ এর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্যদের আরেকটি দল বাণিজ্যিক বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। প্রসঙ্গত, আজ ব্যানকন-১৫ (ইউনিফিল) এর ১১০ জন নৌসদস্য বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।