সোয়া ৪ মাস পর বাসায় ফিরল মেহজাবিন

সোয়া চার মাস চিকিৎসার পর গতকাল বুধবার বাসায় ফিরল শেখ সাইয়েবা মেহজাবিন (১১)। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত হয় চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী। তারপর থেকে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। এ সময় তার শরীরের পোড়া স্থানে ৭২ বার ড্রেসিং, দুবার স্ক্রিন ব্যাংক থেকে স্ক্রিন গ্রাফটিং, চারবার সেল্ফ স্ক্রিন গ্রাফট করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ১২৮ দিন চিকিৎসাধীন ছিল মেহজাবিন। বুধবার তাকে ছাড়পত্র দেওয়া হয়। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি জানান, দুর্ঘটনার পর এই হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো একজন ভর্তি। আশা করি তাকেও অল্পদিনে ছাড়পত্র দেওয়া হবে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক।