নির্বাচন কমিশনের সঙ্গে টিকটকের কর্মশালা

অনলাইনে সঠিক তথ্য প্রচার এবং অপতথ্য প্রতিরোধে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথ কর্মশালা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটক। ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপদ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক এই কর্মশালায় আলোচনায় উঠে আসে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ কর্মশালা হয়।

 কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনসহ ইসি সচিবসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকটকের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন। ইসি কর্মকর্তাদের তিনি টিকটক প্ল্যাটফর্মে নির্বাচন-সংক্রান্ত তথ্য কীভাবে সুরক্ষিত থাকে, সে বিষয়ে বিস্তারিত জানান।

সভায় টিকটকের কমিউনিটি গাইডলাইন, ভুয়া বা মিথ্যা তথ্যবিরোধী নীতিমালা, রাজনৈতিক কনটেন্ট ব্যবস্থাপনা এবং বিভ্রান্তিকর আচরণ শনাক্ত করার পদ্ধতি নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীদের জানানো হয়, নিয়মভঙ্গের প্রতিবেদন করা, নির্বাচন-সম্পর্কিত কনটেন্ট যাচাই করা কিংবা ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে টিকটকের যেসব টুল ও ফিচার কাজ করছে।

টিকটক জানিয়েছে, নির্বাচন নিরাপত্তা আরও জোরদার করতে এবং বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে ইসিসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তারা কাজ চালিয়ে যাবে। বৈশ্বিক একটি প্ল্যাটফর্ম হিসেবে সঠিক তথ্য পরিবেশন, ব্যবহারকারীর আস্থা রক্ষা, ভুয়া তথ্য কমানো এবং নাগরিকদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।