আমীর খসরু বললেন

ব্যাংক ইন্স্যুরেন্স অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ

আওয়ামী লীগ দলীয় বিবেচনায় দলের লোকজনদের ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল? এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে। এজন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে? এজন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা। তারা ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছেন, ‘আমাকে এসব দলীয় বিবেচনায় দিতে হচ্ছে।’

গতকাল বুধবার দুপুরে আইডিইবি মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে খসরু এ কথা বলেন।

খসরু বলেন, ‘আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে দেশের উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন, তাহলে সেই অর্থনীতি টিকে থাকতে পারে না।

যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, তারা লাভবান হয়েছে। ব্যাংকগুলো, কোম্পানিগুলো, ইন্স্যুরেন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘কোম্পানির কর্মকর্তা, কোম্পানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেসব ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ২০টার বেশি কোম্পানির এরকম হয়েছে। এটা চলতে পারে না।’