দুই দিনেই শেষ হয়ে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের পিচকে সর্বোচ্চ মানের ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, এই পিচে ব্যাট ও বল—দুই বিভাগের জন্যই যথাযথ ভারসাম্য বজায় ছিল।
পার্থের টেস্ট ম্যাচটি ছিল ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত অ্যাশেজ টেস্ট। মাত্র ৮৪৭ বলেই ম্যাচ শেষ হয়ে যায় এই ম্যাচ। ফলে এটি ১৮৮৮ সালের পর সবচেয়ে কম বল খেলা অ্যাশেজ টেস্ট হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। আইসিসির চার স্তরের রেটিং ব্যবস্থায় ‘খুব ভালো’ সর্বোচ্চ মানের স্বীকৃতি। ম্যাচ রেফারি জানান, এই পিচে ভালো গতি, সীমিত সুইং ও শুরু থেকেই সমান বাউন্স ছিল, যা খেলাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
ম্যাচের প্রথম দিনেই ১৯টি উইকেট পড়েছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ড দল অল-আউট হয় ১৭২ রানে। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক ক্যারিয়ার সেরা ৭ উইকেটে ৫৮ রান নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেন। জবাবে অস্ট্রেলিয়াও সুবিধাজনক অবস্থানে থাকতে পারেনি। দিন শেষে ৯ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২১ রান। দ্বিতীয় দিনে আরও ১৩টি উইকেটের পতন ঘটে এবং মোট ৩৮০ রান ওঠে।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৬৪ রানে। পরে ট্রাভিস হেডের দুর্দান্ত ১২৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় নিশ্চিত করে। এই জয়ে তারা পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেটবিষয়ক প্রধান জেমস অলসপ বলেন, ‘ম্যাচ রেফারির দেওয়া “খুব ভালো” রেটিং আমাদের মূল্যায়নকেই সঠিক প্রমাণ করেছে। পার্থের পিচ ব্যাট ও বলের মধ্যে আদর্শ ভারসাম্য তৈরি করেছিল।’
তিনি আরও বলেন, ‘দুই দলের ফাস্ট বোলারদের দাপট ও ম্যাচের তীব্র গতির কারণেই খেলা মাত্র দুই দিনে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার প্রতিটি মাঠের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখাই আমাদের লক্ষ্য। আগামী বৃহস্পতিবার গাব্বায় শুরু হতে যাওয়া দিবারাত্রির টেস্টেও আমরা দারুণ উত্তেজনাকর লড়াই দেখতে পাব বলে আশা করছি।’