মুন্সীগঞ্জে তালাবদ্ধ অবস্থায় মালিককে উদ্ধার 

মুন্সীগঞ্জ শহরে নিজের মোটর বাইক গ্যারেজের ভেতর আটকে পড়া মো. রিফাতকে (২০) অসুস্থ অবস্থায় ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের ইদ্রাকপুর এলাকার ওই বাইক গ্যারেজের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে। এর আগে বুধবার রাতে মালিককে ভেতরে রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মচারীরা। 

গ্যারেজ মালিক রিফাত ইদ্রাকপুর এলাকার মো. আলমগীরের ছেলে।  

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মালিক রিফাত গ্যারেজের ভেতর ঘুমিয়ে পড়েন। এ সময় কর্মচারীরা বাইরে থেকে গ্যারেজ তালাবন্ধ করে বাড়িতে চলে যান। আজ বৃহস্পতিবার সকালে কর্মচারীরা না আসলে মালিক রিফাতের খোঁজে পরিবারের লোকজন গ্যারেজে ডাকাডাকি শুরু করে। তার কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে তালা ভেঙ্গে গ্যারেজ মালিককে উদ্ধার করেন। রাতে ঘুমানোর পর গ্যারেজ মালিক অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।