ময়মনসিংহে গাঁজাসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ইউসুফ (২৭), নাহিদুল ইসলাম এমরান (২০), মো. মোহন মিয়া ওরফে নয়ন (১৯) এবং হবিগঞ্জ জেলার মো. তামিম মিয়া (১৯)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ নভেম্বর দুপুর ২টার দিকে নান্দাইল থানার কানারামপুর এলাকায় ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘শ্যামল ছায়া’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ ও দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাঁজা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।