বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরিদের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং এলাকায় গত ১৯ নভেম্বর মোটরসাইকে‌লের ধাক্কায় গুরুতর আহত হয় ফরিদ আহমদ (৬৫)। বিগত ৭‌দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভো‌র ৪টার দি‌কে তার মৃত্যু হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর পাইরাং দেলা মার্কেটের দক্ষিণ পাশে প্রধান সড়কে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক জখম পাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিগত ৭দিন আইসিইউতে থাকার পর আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহ‌তের ছেলে মো. শহিদ উল্লাহ।

মোটরসাইকেল দুঘর্টনায় নিহত মো. ফরিদ আহমদ বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাং ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়ার মৃত আব্দুল করিমের পুত্র।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, নিহ‌তের মরদেহ হস্তান্তর নিয়ে মৃতের ছেলে শহিদ উল্লাহর সঙ্গে আমাদের কথা হয়েছে। পরিবার কোনোরকম মামলা ছাড়া মরদেহ ফেরত চায়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হ‌বে ব‌লে তি‌নি জানান ।