রংপুরে নতুন ‘চতুরবাড়ী বিওপি’ উদ্বোধন, সীমান্ত সুরক্ষায় বাড়বে নজরদারি

রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন ‘চতুরবাড়ী বর্ডার আউটপোস্ট (বিওপি)’ চালু করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন—৬১ বিজিবির আওতাধীন এই বিওপি উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

বিজিবি জানায়, তিস্তা ব্যাটালিয়ন প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করে আসছে। তবে ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপি দুটির মাঝামাঝি এলাকায় অপারেশনাল ফাঁক থাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন ছিল। সেই লক্ষ্যেই চতুরবাড়ী এলাকায় নতুন আউটপোস্টটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল নাছের বলেন, বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে। নতুন বিওপি যুক্ত হওয়ায় বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কখনো কখনো ভুল তথ্য ও গুজব ছড়ানো হয়—এ ধরনের তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানালে আমরা তা যাচাই করব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান ও ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।