হংকংয়ে ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৫৫

হংকংয়ের পাবলিক হাউজিং অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে শহরের দমকল বিভাগ।

দমকলের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থলেই ৫১ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গেছেন। এক দমকল কর্মীও প্রাণ হারিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সাত দশকের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি।

বৃহস্পতিবার পুলিশ জানায়, আগুনটি সম্ভবত ‘চরম অবহেলাপূর্ণ’ নির্মাণ প্রতিষ্ঠানের অনিরাপদ উপকরণ ব্যবহারের কারণে লেগেছে। আগুন নেভাতে ২৪ ঘণ্টার বেশি সময় লেগেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালেও ঘটনাস্থলে আগুন জ্বলছিল। অবশেষে তা নিয়ন্ত্রণে আসে।

রয়টার্স জানিয়েছে, জ্বলতে থাকা শেষ চারটি টাওয়ারের আগুনও এখন নিয়ন্ত্রণে এসেছে এবং অন্যান্য তিনটি টাওয়ারের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। দমকল কর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।

উত্তরাঞ্চলের তাই পো জেলায় অবস্থিত ঘনবসতিপূর্ণ এই কমপ্লেক্সে আটটি ব্লকে মোট ২ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে ৪ হাজার ৬০০’র বেশি মানুষের বাস। শহরটিতে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত বাড়িভাড়ার কারণে আবাসন সংকট চলছিল।

৫১ বছর বয়সী এক বাসিন্দা ওয়ান বলেন, ‘আমরা ২০ বছরের বেশি আগে এই ভবনে ফ্ল্যাট কিনেছিলাম। আমাদের সব জিনিসপত্র এই ভবনেই ছিল, আর এখন সবই পুড়ে গেছে। এখন আমাদের বাকি রইলই বা কী? কিছুই নেই। আমরা এখন কী করব?’

এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা এখন হংকংয়ের ১৯৪৮ সালের পর সবচেয়ে বেশি। সেই বছর একটি গুদামে আগুন লেগে ১৭৬ জন মারা যায়।